তরুণদের অভিজ্ঞতা বিনিময় এবং সুন্দর দেশ ও জাতি গঠনের তাগিদের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হয়েছে দুই দিনব্যাপী ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ১৬তম জাতীয় সম্মেলন। দেশের ১০টি অঞ্চলের তরুণ স্বেচ্ছাব্রতীরা এ সম্মেলনে অংশ নেন।
রাজধানীর অদূরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার, তথ্য কমিশনার খুরশীদা বেগম সাঈদ, ভাষাসৈনিক শরীফা খাতুন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন ও মাহবুব মজুমদার প্রমুখ।
সম্মেলনে আবু সায়ীদ তরুণদের উদ্দেশে বলেন, ‘পাপ, লোভ, অযোগ্যতা আর লুণ্ঠনের বিরুদ্ধে যে যুদ্ধ, তোমরা সেই যুদ্ধের সৈনিক। তোমাদের দায়িত্ব অনেক বড়। আমরা কিছুদিনের জন্য দেশকে মুক্ত করেছি, আর তোমরা সুন্দর দেশ ও জাতি গঠনের জন্য কাজ করবে।’
বদিউল আলম মজুমদার বলেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার একটি স্বেচ্ছাব্রতী সংগঠন। এই সংগঠনের সঙ্গে লক্ষাধিক ছেলেমেয়ে যুক্ত আছে। এরা সবাই ছাত্রছাত্রী এবং এদের অধিকাংশই তৃণমূলের। এদের সঙ্গে কাজ করছে বিভিন্ন বয়সের দেড় লাখ উজ্জীবক। যার প্রায় ৪০ শতাংশই নারী। জনগণ, জনপ্রতিনিধি ও সরকার—এ তিন শক্তির মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের ১৮৫টি ইউনিয়নে বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কাজের সঙ্গে তাঁরা যুক্ত রয়েছে। তিনি বলেন, তরুণেরা দুটি উদ্দেশ্য নিয়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর একটি নিজেদের সর্বোচ্চ বিকাশ ঘটানো। আর সমাজে অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করা। এসব মনোভাব থেকেই তাঁরা ইতিমধ্যে থেলাসেমিয়া সমস্যাসহ নিরক্ষরতা দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ার পাশাপাশি পরিবেশ আন্দোলনসহ নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করার মতো অনেক কাজ করেছেন।
সম্মেলনে ঢাকা, কুমিল্লা, যশোর, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চল থেকে দেড় হাজারেরও বেশি তরুণ স্বেচ্ছাব্রতী অংশ নেন। এসব অঞ্চলের জন্য আলাদা আলাদা স্টল খোলা হয়। ওই সব স্টলে নিজ নিজ অঞ্চলের কার্যক্রম তুলে ধরা হয়।