সুন্দর বাংলাদেশ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে জয়পুরহাটের সংবর্ধিত শিক্ষার্থীরা ছবি: প্রথম আলো
সনদ হাতে জয়পুরহাটের সংবর্ধিত শিক্ষার্থীরা ছবি: প্রথম আলো

শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। ভালো মানুষ হলেই পরিবার, সমাজ, দেশ-জাতি উপকৃত হবে। তোমাদের দিকে দেশ ও জাতি তাকিয়ে আছে। তোমাদেরই আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে হবে।গতকাল শনিবার জয়পুরহাট জেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জয়পুরহাট শহরের পৌর কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার ৪১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সুমীর কুমার সরকার কৃতীদের উদ্দেশে বলেন, বাঙালি জাতি কখনো মাথানত করেনি। তোমাদের কাছে দেশ অনেক প্রত্যাশা করে। তোমাদেরই আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। অধ্যাপক সুমীর কুমার সরকার বলেন, শুধু ভালো ফল দিয়ে এই প্রত্যাশা পূরণ হবে না। এ জন্য তোমাদের ভালো মানুষও হতে হবে। ভালো মানুষ হলে পরিবার, সমাজ, দেশ-জাতি উপকৃত হবে।

জয়পুরহাট সরকারি মহিলা কলেজের প্রভাষক সাইফুদ্দিন ইমরান বলেন, এই ফল অব্যাহত রাখতে হবে। পড়াশোনার মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়াতে হবে।

টেলিটকের কর্মকর্তা মামুন-উর-রশীদ বলেন, ‘তোমাদের পরিবারকে আমরা একটি করে সিম দিয়েছি। সেই সিমে তোমরা পরীক্ষার ফলাফল, ভর্তিসংক্রান্ত বিষয়সহ ইন্টারনেট সুবিধা ও তৃতীয় প্রজন্মের যাবতীয় সুবিধা ভোগ করতে পারবে।’

জেলার ভূটিয়াপাড়া উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী তানজুমা আকতার, জয়পুরহাট আর.বি সরকারি উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী মশিউর রহমান, আটুল দারুস সুন্নাহ্ দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থী মারুফ হোসেন ও জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী মাসতুরা মিতু বক্তব্য দেয়। তারা মাদককে ‘না’ বলার এবং ইভ টিজিংকে প্রতিরোধ করার অঙ্গীকার করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁববিবি এল বি পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জয়পুরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা নাসরিন আক্তার, জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আবু সাইদ প্রমুখ।

জেলার সেরা ফল অর্জনকারী জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয়, পাঁচবিবি এল বি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় এবং জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়পুরহাট বন্ধুসভার সভাপতি দিলীপ সেন। গান গেয়েছেন সোহেল আহমেদ, আকাশ, শিশুশিল্পী মাহী আজিজার এবং উদীচী শিল্পীগোষ্ঠী ও বন্ধুসভার শিল্পীরা।

আগামীকাল ২৩ সেপ্টেম্বর সোমবার

মাদারীপুর

স্থান: এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তন

সময়: সকাল ১০টা