বগুড়ার মাঝিড়া উপজেলা শহরের বাসিন্দা আবদুল খালেক ১১ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। রেখে যান তিন মেয়ে। বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ শুরু করেন মা আছিয়া বেওয়া। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। মেজো মেয়ে ইন্নাকা আখতার মায়ের সঙ্গে বাড়ি বাড়ি কাজ করে লেখাপড়া চালিয়ে গেছে।
টাকা না থাকায় ভালো পোশাক পড়তে পারেনি। পুরাতন পোশাক পড়ে বিদ্যালয়ে যেতে হয়েছে তাকে। এভাবে কষ্ট করে মাঝিড়া উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পায় সে। তার ছোট বোন একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছে।
ইন্নাকা বলে, ‘সারা বছর ধরে এক পোশাকে বিদ্যালয়ে যেতাম। এখন একটাই স্বপ্ন। লেখাপড়া করে ব্যাংকে চাকরি করব।’ মা আছিয়া বেওয়া বলেন, ‘অন্যের বাসায় কাজ করে তিনজনের প্যাটের ভাতই জোটে না। লিজের চেষ্টাতেই ইন্নাকা লেকা পড়া করেচে। ওর কলেজের পড়ার খরচ জুটামো ক্যামনে, হামি সেই চিন্তাই করিচ্চি।’ মাঝিড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হালিম জানান, সারা বছর এক পোশাক পরে বিদ্যালয়ে এসেছে। সহপাঠীরা যখন টিফিন খেয়েছে, ও তখন কমনরুমে মুখ লুকিয়ে থেকেছে।
দিনমজুর বাবা আদিল সেখের পাঁচ সন্তানের মধ্যে আবদুর রহিম তৃতীয়। সংসারে তীব্র অভাব থাকায় অনেক দিন সকালে না খেয়েই বিদ্যালয়ে যেতে হয়েছে। দরিদ্র পরিবারের এই ছেলেই এবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তাদের বাড়ি উপজেলার বারইভাগ সেনপাড়া গ্রামে। সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
রহিমের বাবা আদিল সেখ বলেন, ‘ছাওয়ালডার পড়ালেহা করার খুব শখ। কিন্তু ঠিকমতো খাইবারই দিতে পারি না। পড়ামু কেমনে।’