সুন্দর সমাজের জন্য নারীর অধিকার নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর দেশ ও সমাজের জন্য নারীর সম-অধিকার নিশ্চিত করতে হবে। তাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। সেই শক্তি নির্ভয়ে কাজে লাগাতে হবে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে গতকাল বুধবার বাঁচতে শেখা পরিচালিত পাঁচটি সংস্থার সাফল্য মেলায় বক্তারা এসব কথা বলেন।‘অধিকার আদায়ে সফল যাত্রায়, দূর হোক আঁধার সহিংসতার’ স্লোগান ধারণ করে এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রমীলা ফুটবল ও লাঠি খেলার আয়োজন করা হয়। নড়াইলের পাঁচটি ইউনিয়নে সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সমাজের অধিকারবঞ্চিত নারীদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব সংস্থা বাল্যবিবাহ রোধ, যৌতুকমুক্ত বিবাহ, নারীদের প্রতি পুরুষের নানা ধরনের সামাজিক অনাচার-অত্যাচার বন্ধ, ঝরে পড়া শিশুদের স্কুলগামী করা, ভরণপোষণ আদায়, পারিবারিক কলহ নিরসন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে সহযোগিতা, পাচার রোধ ও হিন্দু বিবাহ আইনের দাবিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।মেলায় স্বাগত বক্তৃতা করেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ। বাঁচতে শেখার পরিচালনা পর্ষদের সহসভাপতি কাজী আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ইউকেএইডের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জিম ম্যাক আলপাইন, অতিরিক্ত পুলিশ সুপার হাওলাদার মো. রকীবুল বারী, সিভিল সার্জন আবদুস সামাদ, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাঁচতে শেখার সহকারী পরিচালক নজরুল ইসলাম।মেহের আফরোজ বলেন, ‘নারীর ভেতরে অনেক শক্তি। সেই শক্তিকে কাজে লাগাতে হবে। নিজের অধিকার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং তা নির্ভয়ে কাজে লাগাতে হবে।’সুলতানা কামাল বলেন, ‘আমরা নারীর প্রতি বৈষম্যের কথা, বঞ্চনার কথা, অধিকারের কথা এখনো গলা ছেড়ে বলতে পারি না। বাঁচতে শেখা নড়াইলের নারীদের সংগঠিত করে অধিকার আদায়ে যে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়।’আব্দুল কাইয়ুম বলেন, ‘ভবিষ্যতে সুন্দর দেশ ও সমাজ দেখতে হলে নারীর সম-অধিকার দিতে হবে। তবেই এ দেশ সোনার বাংলায় পরিণত হবে।’ তিনি বলেন, স্বার্থপরতা, দুর্নীতি, যৌতুক, বাল্যবিবাহ, মাদক প্রভৃতি দেখলে প্রতিবাদ করতে শিখতে হবে।শাহীন আনাম বলেন, ‘নারীর প্রতি সহিংসতা শুধু বাইরেই নয়, ঘরেও। নড়াইলের নারীরা সাহসী ও সংগ্রামী। তারা নিজেদের অধিকার আদায় করতে পারে এবং অপরকেও সহযোগিতা করতে পারে। এখানে এসে বুঝতে পেরেছি, দেশের তৃণমূল পর্যায়েও নারী জাগরণের ঐকতান শুরু হয়েছে।’