গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক প্রার্থীর সমর্থকেরা গতকাল শুক্রবার উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেন। ফল বাতিল করে আবার ভোট গণনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও দেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার অনুষ্ঠিত বামনডাঙ্গা ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আকবর আলীর সমর্থকেরা গতকাল উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করেন। আবার ভোট গণনার দাবিতে ইউএনও শামছুল আজমকে স্মারকলিপিও দেন তাঁরা। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আকবর আলী।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের দিন চেয়ারম্যান আবদুল মতিন পরিকল্পিতভাবে আকবর আলীর পোলিং এজেন্টদের কক্ষ থেকে বের করে দেন। তার পরও আবদুল মতিনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা অবিলম্বে এই ফল বাতিল করে আবার ভোট গণনার দাবি জানান। ইউএনও শামছুল আজম জানান, স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তিনি বলেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি।