সুন্দরগঞ্জে উপনির্বাচন সুষ্ঠু হবে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আজ বুধবার বিকেলে গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিইসি কে এম নুরুল হুদা। প্রথম আলো
গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আজ বুধবার বিকেলে গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিইসি কে এম নুরুল হুদা। প্রথম আলো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ২২ মার্চ অনুষ্ঠেয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। ভোটাররা যাতে অবাধে এবং নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ হাতে নিয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, সুন্দরগঞ্জের এই উপনির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের প্রথম জাতীয় নির্বাচন। তাই এই নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মূল্যায়ন করা হবে। নির্বাচন কমিশন এ নির্বাচনের মাধ্যমে একটি বার্তা ছড়িয়ে দিতে চায়, শুধু এই নির্বাচন নয়, বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।
সভায় বক্তব্য দেন, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ, গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সুন্দরগঞ্জ উপনির্বাচনের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ, জাতীয় পার্টি-সমর্থিত শামীম হায়দার পাটোয়ারী, জাসদ-সমর্থিত মোহাম্মদ আলী প্রামাণিক, জেপির ওয়াহেদুজ্জামান সরকার, গণফ্রন্টের শরিফুল ইসলাম, এনপিপির জিয়া জামান খান ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন প্রমুখ।
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়। ২২ মার্চ ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।