সুন্দরগঞ্জে একজনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একদল দুর্বৃত্ত গত শনিবার রাতে একজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ গতকাল রোববার স্থানীয় একটি পুকুরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মানিক চন্দ্র (৩৫)। তিনি রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মনিরাম গ্রামের বাবু রামের ছেলে। এলাকাবাসী ও সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মানিক চন্দ্র শনিবার বিকেলে বাড়ির পাশের মীরগঞ্জ বাজারে যান। রাতে মীরগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে সুন্দরগঞ্জের নাচনী ঘগেয়া গ্রাম এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁকে আটক করে। পরে তারা মানিককে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে একটি পুকুরপাড়ে ফেলে রেখে যায়। গতকাল সকালে এলাকাবাসী তাঁর লাশ দেখে সুন্দরগঞ্জ থানায় খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে নিয়ে যায়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন জানান, এ ব্যাপারে নিহত ব্যক্তির বাবা বাবু রাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।