সুন্দরগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে গতকাল শুক্রবার মরহুম মফিজুল হক স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। খেলায় নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, রংপুর জেলার মোট আটটি দল অংশ নিচ্ছে। গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন বামনডাঙ্গার সাবেক ক্রিকেটার নূর মোহাম্মদ। এর আগে কলেজ মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী সংগীত পরিবেশন করে গাইবান্ধা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিল্পীরা।
উদ্বোধনী খেলায় সৈয়দপুর শেখ রাসেল ক্রীড়াচক্র ৯ রানে হারিয়েছে গাইবান্ধা পূর্বদিগন্ত ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে শেখ রাসেল ক্রীড়াচক্র সব উইকেট হারিয়ে ৮৭ রান করে। জবাবে পূর্বদিগন্ত ক্লাব ৭৮ রানে সব উইকেট হারায়। আজ শনিবার সৈয়দপুর শেখ রাসেল ক্রীড়াচক্র মুখোমুখি হবে বগুড়ার আগমনী ক্রীড়াচক্রের।
খেলা উদ্বোধনের পর কলেজ মাঠে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। বামনডাঙ্গা ক্রিকেট ও ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার ফারুক আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আশিকুর রহমান, গাওছুল আযম, সিফাত হোসেন, সাজেদুল ইসলাম প্রমুখ।
খেলা উদ্বোধনের আগে মাদকবিরোধী এক বর্ণাঢ্য শোভাযাত্রা বামনডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।