সুন্দরগঞ্জে গ্রাম পুলিশের মানববন্ধন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গতকাল বুধবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত মানববন্ধন করেছে গ্রাম পুলিশ। ঈদের আগে পাঁচ মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সুন্দরগঞ্জ উপজেলা শাখা ওই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সমন্বয়ক ছাদেকুল ইসলাম, উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র, ওই ইউনিয়নের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের সদস্যরা যথেষ্ট ভূমিকা পালন করছেন। কিন্তু তাঁদের বেতন-ভাতা সামান্য। তাও নিয়মিত নয়। পাঁচ মাস ধরে উপজেলার প্রায় ১৫০ জন গ্রাম পুলিশের বেতন-ভাতা বকেয়া রয়েছে। তাঁরা বকেয়া বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ কারণে তাঁরা ওই কর্মসূচি পালন করেছেন। এ ছাড়া তাঁরা গ্রাম পুলিশদের জন্য চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমস্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকরের দাবি জানান।