সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষ, অবরুদ্ধ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। ভোর রাত সাড়ে চারটার দিকে এ খবর লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, থানার সর্বানন্দ ইউনিয়নের কদমতলী খানাবাড়ি গ্রামে পুলিশ আসামি ধরতে যায়। এই আসামিদের সবাই গত বছর ২৮ ফেব্রুয়ারির সহিংসতার সঙ্গে জড়িত এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মী। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এদের ধরতে গেলে জামায়াত-শিবিরের লোকজন পুলিশকে ঘিরে অবরুদ্ধ করে ফেলে। রাতের অন্ধকারে পুলিশ সদস্যরাও সেখানে আটকে পড়েন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ব্যাপক ফাঁকা গুলি ছোড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, রংপুর ও গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু কুয়াশার কারণে তারা দ্রুত এগোতে পারছেন না।