সুন্দরগঞ্জে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সুন্দরগঞ্জ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
সুন্দরগঞ্জ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কমিটি সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিস্তা নদীর পাড়ে ও দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নৌকার ওপর ওই গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই’ স্লোগান লেখা ব্যানার নিয়ে শতাধিক শিক্ষক, কৃষক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সংরক্ষণ কমিটির সভাপতি এমদাদুল হক, সদস্যসচিব শ্যামল কুমার দাশ, স্থানীয় কৃষক আবদুর রহিম, মৎস্যজীবী বিনোদ চন্দ্র, জিতেন্দ্র নাথ, সমাজকর্মী মাইদুল ইসলাম, মামুনুর রশিদ, তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তার উজানে গজলডোবায় ভারতের বাঁধ নির্মাণের ফলে তিস্তা নদী পানিশূন্য হয়ে পড়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে তাদের দেশের মরু অঞ্চলে পানি নিয়ে যাচ্ছে। অথচ বাংলার মানুষ পানির জন্য হাহাকার করছে। তাঁরা অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।