সুন্দরগঞ্জে নয় মাস ধরে নেই ইউএনও
নয় মাসের বেশি সময় ধরে ভারপ্রাপ্ত ইউএনও দিয়ে চলছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন। ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই মিল্টন অন্যত্র বদলি হন। এরপর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত নয় মাস আট দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু ইউএনওর পদটি শূন্য রয়েছে।
এদিকে সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল আলমকে ২২ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে তিনি ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করছেন।
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শূন্যপদটি পূরণের জন্য পরপর দুজন ইউএনওকে সুন্দরগঞ্জে যোগদানের আদেশ দেওয়া হয়। এর মধ্যে গত ১৭ আগস্ট মোছা. রহিমা খাতুন ও ৩ নভেম্বর মোছা. আলিয়া ফেরদৌস জাহানকে সুন্দরগঞ্জের ইউএনও হিসেবে বদলি করা হয়। কিন্তু তাঁরা যোগদান না করে অন্যত্র বদলি নিয়ে চলে যান। এর মধ্যে মোছা. আলিয়া ফেরদৌস জাহান ২৪ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।
জানতে চাইলে আলিয়া ফেরদৌস জাহান মুঠোফোনে বলেন, ‘এ বদলি আমার ইচ্ছায় হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুন্দরগঞ্জে যোগদানের আদেশ দেওয়ার কয়দিন পর সদরে যোগদানের আদেশ দিয়েছে। তাই সদরে যোগদান করেছি।’
এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটায় মুঠোফোনে যোগাযোগ করা হলে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রথম আলোকে বলেন, সুন্দরগঞ্জে ইউএনও না থাকলেও সহকারী কমিশনার রয়েছেন। তাঁকে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু গাইবান্ধা সদর উপজেলায় সম্প্রতি ইউএনও এবং সহকারী কমিশনার দুজনই বদলি হয়েছেন। তাই আলিয়া ফেরদৌস জাহানকে গাইবান্ধা সদরে দেওয়া হয়েছে। সুন্দরগঞ্জেও দ্রুত ইউএনও পদায়ন করা হবে।
এ ব্যাপারে সুন্দরগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও হাবিবুল আলম গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, এমনিতে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা। উপরন্তু তাঁকে দুটি দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে সহকারী কমিশনার অন্যদিকে ইউএনও। ফলে প্রশাসনিক কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।