সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের ৪৬টি পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৬টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকের পদ শূন্য আছে ৫১টি। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সুন্দরগঞ্জের ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ২৫০ জন প্রধান শিক্ষক থাকার কথা রয়েছে। কিন্তু বর্তমানে আছেন ২০৪ জন। এ ছাড়া ওই সব বিদ্যালয়ে ৫১টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।
বেলকা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকেরা বিপাকে পড়েছেন। প্রশাসনিক কাজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে উপজেলা পরিষদে যেতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আরিফ মিয়া ও রাব্বি মিয়া বলে, প্রধান শিক্ষক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ক্লাস নেওয়ার সুযোগ কম পান।
হরমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম মিয়া বলেন, প্রধান শিক্ষক নেই। তাই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দিয়ে কোনো কাজই ঠিকভাবে করা যায় না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই সেখানে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শিক্ষক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
এসব বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ হলে ওই সব প্রতিষ্ঠানে সমন্বয় করা হবে।