সুন্দরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্র ঘেঁষে ফিলিং স্টেশন

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বাইপাস মোড়ে বিধিবহির্ভূতভাবে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র ঘেঁষে ফিলিং স্টেশন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ১৯৮৬ সালে সুন্দরগঞ্জ পৌরসভার বাইপাস মোড়ে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র স্থাপন করা হয়। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপকেন্দ্রের ২০০ গজের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নির্মাণাধীন ফায়ার সার্ভিস স্টেশন, সুন্দরগঞ্জ মহিলা কলেজ, কয়েকটি এনজিওর কার্যালয় এবং বেশ কিছু বসতবাড়ি রয়েছে। ২০১২ সালে এই উপকেন্দ্রের ১৫ গজ দক্ষিণে নির্মাণ করা হয় মেসার্স করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশন। ওই বছরের ১৯ এপ্রিল উপজেলার ঘাঘোয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবদুল করিম তাঁর স্ত্রী দিল আফরোজা বেগমের নামে ফিলিং স্টেশন নির্মাণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। সে সময় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম আবেদনটি তদন্তের জন্য সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালককে দায়িত্ব দেন।
ওয়ার্কার্স পার্টির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক সাদেকুল ইসলাম বলেন, এমনিতেই বাইপাস মোড় এলাকা জনবসতিপূর্ণ। তার পরও আবদুল করিমের কাছ থেকে ঘুষ নিয়ে উপকেন্দ্র ঘেঁষে ফিলিং স্টেশন নির্মাণে সুপারিশ করা হয়। সে সময় বাধা দিয়েও কোনো কাজ হয়নি।
গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কোব্বাত আলী বলেন, ‘উপকেন্দ্রের পাশে ফিলিং স্টেশন করাটা স্পর্শকাতর। কিন্তু এটি স্থাপনে আমার পূর্ববর্তী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দিয়েছেন।’
সুন্দরগঞ্জের ইউএনও (ভারপ্রাপ্ত) রাশেদুল হক প্রধান বলেন, বিষয়টি জানার পর ফিলিং স্টেশন মালিকের কাছে অনুমতির কাগজপত্র তলব করা হয়েছে।
ফিলিং স্টেশনের মালিক দিল আফরোজা বেগম বলেন, ‘বিধি মেনে স্টেশন নির্মাণ করা হয়েছে। স্টেশনের কারণে কোনো ক্ষতি হবে না।’
ফায়ার সার্ভিস ও ইউএনও কার্যালয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তৎকালীন জেলা প্রশাসক শহিদুল ইসলাম ২০১২ সালের ৭ জুন রাজশাহী বিস্ফোরক অধিদপ্তরে আপত্তি নেই (এনওসি) মর্মে চিঠি পাঠান বলে জানা গেছে। পরে বিস্ফোরক অধিদপ্তর অনুমতি দেয়। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে অনুমতির কোনো কাগজপত্র খুঁজে পাওয়া যায়নি।
এ ছাড়া তৎকালীন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শঠিবাড়ি অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিলিং স্টেশনে বিদ্যুৎ-সংযোগের অনুমতি দেন। চলতি মাসে বিদ্যুৎ-সংযোগের কাজ শুরু করা হয়। কাজ শেষ হলে স্টেশনটি চালু হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির সুন্দরগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আলম হোসেন বলেন, ‘উপকেন্দ্রের পাশে ফিলিং স্টেশন নির্মাণ খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আমার পূর্ববর্তী কর্মকর্তা কীভাবে অনুমতি দেন, তা আমার জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।’ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শঠিবাড়ি অঞ্চলের মহাব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ তোফাজেল হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর বিদ্যুৎ-সংযোগের কার্যক্রম স্থগিত রেখেছি।’
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় জানায়, নিয়ম অনুযায়ী অনাবাসিক বা ফাঁকা এলাকায় ফিলিং স্টেশন স্থাপনের কথা। এ জন্য জমি, হালনাগাদ ব্যাংক স্থিতি সনদ, আয়কর, ট্রেড লাইসেন্স, প্রয়োজনীয় কাগজসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউএনও এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে তদন্ত সাপেক্ষে আপত্তি নেই (এনওসি) মর্মে বিস্ফোরক অধিদপ্তরে প্রস্তাব পাঠাবেন। বিস্ফোরক অধিদপ্তর অনুমতি দিলে ফিলিং স্টেশন করা যাবে।