সুন্দরগঞ্জে বিশেষ কাবিখা প্রকল্পের বরাদ্দ লুটপাট
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের বরাদ্দ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। যেনতেন কাজ করে মাপে গোঁজামিল দেখিয়ে বেশির ভাগ টাকা আত্মসাৎ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের যোগসাজশে স্থানীয় সাবেক সাংসদের লোকজন ও প্রকল্প চেয়ারম্যানরা ভুয়া মাস্টাররোল (শ্রমিকদের কার্যতালিকা) দাখিল করে এই লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বর্তমান সাংসদ মনজুরুল ইসলাম বলেন, ‘আমি ৮ মে কয়েকটি প্রকল্প পরিদর্শন করে কাজের অস্তিত্ব খুঁজে পাইনি। এ নিয়ে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি।’
লুটপাটের অভিযোগ অস্বীকার করে সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, যেসব প্রকল্প চেয়ারম্যান কাজ ঠিকমতো করেননি, তাঁদের পুরো গম ছাড় করা হয়নি। সময় আছে, কাজ বুঝে নেওয়া হবে।
সাবেক সাংসদ কর্নেল (অব.) আবদুল কাদের খান বলেন, ‘আমি প্রকল্প তালিকা দিয়েছি। কিন্তু তদারকির দায়িত্ব পিআইওর। কারণ, তালিকা দেওয়ার পরই জাতীয় সংসদ নির্বাচন হয়। অথচ রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে।’
সুন্দরগঞ্জ উপজেলার পিআইও কার্যালয় সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থবছরে বিশেষ কাবিখা কর্মসূচির প্রথম পর্যায়ে ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রতি টন ২৯ হাজার ৮০০ টাকা হিসেবে এই গমের সরকারি মূল্য প্রায় ৮৯ লাখ ৪০ হাজার টাকা। এক মেট্রিক টন গম বেচার টাকা দিয়ে ২০৬ দশমিক ৭৮ ঘনমিটার ভরাট করা যাবে। বিশেষ কর্মসূচির ক্ষেত্রে স্থানীয় সাংসদ প্রকল্পের তালিকা দেন। জেলা প্রশাসক অনুমোদনের পর প্রকল্প বাস্তবায়িত হয়। উপজেলার তারাপুর, শান্তিরাম, বেলকা ও রামজীবন ইউনিয়নের ঈদগাহ মাঠ ভরাট ও সড়ক সংস্কারে ১৪টি প্রকল্প হাতে নেওয়া হয়। গত জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে আগামী ৩০ জুন শেষ করার কথা।
৮ মে তিনটি প্রকল্প এলাকা ঘুরে কাজের কোনো অস্তিত্ব মেলেনি। এর মধ্যে তারাপুর ইউনিয়নের খোর্দ্দা মৌজার মানিকের খেয়াঘাট থেকে নজিরের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক পুনর্নির্মাণে ১৭ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এই গম দিয়ে তিন হাজার ৫১৬ ঘনমিটার মাটি কাটা যাবে। কিন্তু সড়কটি মেপে দেখা গেছে, যে পরিমাণ মাটি ফেলা হয়েছে, তা ৮২৭ ঘনমিটারের বেশি হবে না। গমের হিসাবে শ্রমিকের পারিশ্রমিক বাবদ ব্যয় চার মেট্রিক টন।
খোর্দ্দা গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ সড়কের পাশেই আমার বাড়ি। গোটা সড়কে যে পরিমাণ মাটি ফেলা হয়, তা এক থেকে দেড় লাখ টাকার বেশি হবে না।’ প্রকল্পের চেয়ারম্যান ও তারাপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম বলেন, ‘সাবেক সাংসদের লোকজন আমাকে দুই লাখ ৫০ হাজার টাকা দেন। তা দিয়ে সড়কের কাজ করেছি।’
তারাপুর ঈদগাহ মাঠ ভরাটে ২০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এই গম দিয়ে চার হাজার ১৩৬ ঘনমিটার মাটি কাটার কথা। তারাপুর গ্রামের শিক্ষক মুকুল মিয়া বলেন, ‘আমি প্রতিদিন এই মাঠের পাশ দিয়ে উপজেলা শহরে যাতায়াত করি। কিন্তু ৩০-৪০ জন শ্রমিককে কয়েক দিন মাটি ফেলতে দেখেছি। অথচ প্রকল্প চেয়ারম্যান ও তারাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমীন ভুয়া তালিকা দাখিল করে টাকা লুটপাট করেন।’
এ ব্যাপারে রুহুল আমীন বলেন, ‘আত্মসাতের অভিযোগ ঠিক নয়। বরাদ্দ করা সব গম দিয়েই মাটি ভরাট করা হয়। তবে কাজে উনিশ-বিশ হতে পারে।’