সুন্দরগঞ্জে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তারা আজ রোববার সকালে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কদমতলী খানাবাড়ি গ্রামটি ঘিরে ফেলে। পুলিশের স্থানীয় সূত্র জানায়, গ্রামের অধিকাংশ লোক পালিয়ে গেছে। থেকে থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে থানার সর্বানন্দ ইউনিয়নের কদমতলী খানাবাড়ি গ্রামে পুলিশ আসামি ধরতে যায়। এই আসামিদের সবাই গত বছর ২৮ ফেব্রুয়ারির সহিংসতার সঙ্গে জড়িত এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এ সময় জামায়াত-শিবিরের লোকজন পুলিশকে অবরুদ্ধ করে ফেলে। রাতের অন্ধকারে পুলিশ সদস্যরাও সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ব্যাপক ফাঁকা গুলি ছোড়ে।
অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে রংপুর ও গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু কুয়াশার কারণে তাঁরা দ্রুত এগোতে পারছিলেন না।
এ ঘটনায় বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, গ্রামবাসীদের ইটের আঘাতে ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন।