সুন্দরগঞ্জে শুভ হত্যা মামলা সিআইডিতে হস্তান্তরের দাবি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আলোচিত সাকিবুল ইসলাম ওরফে শুভ হত্যা মামলাটি পুলিশ ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের জন্য ২ ডিসেম্বর পুলিশ সুপারকে আবেদন জানিয়েছেন শুভর বাবা।
ওই আবেদনে উল্লেখ করা হয়, এ মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে অপরাধের কথা স্বীকার করেছেন। কিন্তু সুন্দরগঞ্জ থানার পুলিশ প্রকৃত অপরাধীদের বাঁচাতে সঠিকভাবে মামলার তদন্ত করছে না। তারা রাজনৈতিক কারণে প্রভাবিত হয়ে মামলাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে। তাই মামলাটি সিআইডিতে হস্তান্তর করে সঠিকভাবে তদন্ত হওয়া দরকার।
মামলার বাদী ও শিশুটির বাবা আশেক আলী মাস্টার বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে আমার ছোট ভাই আবদুর রাজ্জাক ভূমিকা রাখে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ আমার ছোট ভাই আবদুর রাজ্জাককে মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছে। এমনকি আসামিদের অভিভাবকদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ আমার ভাইকে আসামি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এ অবস্থায় পুলিশ মামলাটি তদন্ত করলে আমরা সঠিক বিচার পাব না বলে আশঙ্কা করছি।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামলাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রেপ্তার হওয়া আসামি কবির মিয়া ও লাভলু মিয়া ঘটনার সঙ্গে আবদুর রাজ্জাকের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে এ ঘটনায় আবদুর রাজ্জাক জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বালাপাড়া গ্রামের আশেক আলী মাস্টারের ছেলে শুভকে (৪) অপহরণের পর তাঁর বাবার কাছে মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন শিশুটির বাবা মুঠোফোনে অপহরণকারীদের টাকা দেওয়ার কথা বলে কৌশলে নিজ বাড়িতে ডেকে আনেন। এ সময় পুলিশ বাড়ি ঘেরাও করে অপহরণের ঘটনায় জড়িত নয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের কবির মিয়া, হারুন মিয়া, সুমন মিয়া, রবিনহুড, নিজামখাঁ গ্রামের মোস্তাফিজার রহমান, জুয়েল চন্দ্র, মীরগঞ্জ এলাকার রিপন কুমার সাহা, বালাপাড়া গ্রামের মিল্টন মিয়া ও একই গ্রামের লাভলু মিয়া।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী ৯ সেপ্টেম্বর রাতে বালাপাড়া গ্রামের বিল থেকে শুভর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশেক আলী মাস্টার বাদী হয়ে ১০ সেপ্টেম্বর থানায় অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করেন।