সুন্দরগঞ্জে সংঘর্ষে ২৪ পুলিশসহ অর্ধশত আহত
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কদমতলী খানাবাড়ি গ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ২৪ জন পুলিশসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। আজ রোববার সকাল ১০টায় পরিস্থিতি শান্ত হয়।
এলাকাবাসী, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন ও সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালান। তাঁরা পুলিশের চারজন কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেন। এ ছাড়া একই সময়ে জামায়াত-শিবিরের সহিংসতায় আরও চার ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় ৩২টি মামলা হয়। এতে ৬০ হাজার জনকে আসামি করা হয়। এর মধ্যে এক হাজার ১০০ জনের নাম উল্লেখ রয়েছে। বাকিরা অজ্ঞাত। এসব মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য গতকাল দিবাগত রাত ১২টার দিকে সর্বানন্দ ইউনিয়নের কদমতলী খানাবাড়ি গ্রামে যায় পুলিশ। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এক জোট হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা পুলিশের ভাড়া করা একটি পিকআপ ভ্যানে আগুন দেন। পরে পুলিশ শতাধিক ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একপর্যায়ে পুলিশকে অবরুদ্ধ করে ফেলেন। রাতের অন্ধকারে পুলিশ সদস্যরাও সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ মাঝেমধ্যে ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ জানায়, অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে রাত প্রায় আড়াইটার দিকে রংপুর ও গাইবান্ধা জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। তখন থেকে সকাল ১০টা পর্যন্ত যৌথ বাহিনী কদমতলী খানাবাড়ি গ্রামটি ঘিরে রাখে। রাতে কুয়াশার কারণে তাঁরা দ্রুত এগোতে পারছিলেন না। এই সময়ে যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের থেমে থেমে সংঘর্ষ চলে। গ্রামের ভেতর থেকেও মাঝেমধ্যে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন ভোরে প্রথম আলোকে জানিয়েছেন, এ ঘটনায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন জানিয়েছেন, সকাল ১০টার পর পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে যৌথ বাহিনী সরে যায়। পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় ২৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংঘর্ষে জামায়াত-শিবিরের ২০-২৫ জনের মতো নেতা-কর্মী আহত হয়েছেন।