জামায়াতের ঘাঁটি বলে পরিচিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এখানকার ১৩টি ইউনিয়নের মধ্যে নয়টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১৪ জন। ফলে বিদ্রোহীদের নিয়ে বিব্রত আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ৩১ মার্চ উপজেলায় ইউপি নির্বাচন হবে। এখানে আওয়ামী লীগের ১৪ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নয়টি ইউনিয়নের মধ্যে বামনডাঙ্গায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ শমেস উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়। এখানে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাহেদুল ও সাবেক সভাপতি মজনু।
সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয় সৈয়দ বদিরুল আহসানকে। এখানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয় নারায়ণ সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেলকা ইউনিয়নে মজিবর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এখানে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান ইউপি চেয়ারম্যান জহুরুল হক সরদার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল আলম স্বতন্ত্র প্রার্থী হন। দহবন্দ ইউনিয়নে গোলাম কবিরকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহজাহান মণ্ডল।
রামজীবন ইউনিয়নে সুনীল কুমার বর্মণকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হুদা স্বতন্ত্র প্রার্থী। ধোপাডাঙ্গা ইউনিয়নে মোখলেছুর রহমানকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রওশন আলম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
কঞ্চিবাড়ি ইউনিয়নে দলীয় মনোনয়ন পান শফিউল ইসলাম। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল করিম ও দুর্লভ চন্দ্র।
শ্রীপুর ইউনিয়নে শহিদুল ইসলাম দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী হন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জ্যোতিভূষণ বর্মণ। চণ্ডীপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ। এখানে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইদুল ইসলাম ও রাজা প্রামাণিক।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, বিদ্রোহী প্রার্থীদের কারণে নৌকার ভোট ভাগাভাগি হওয়ার আশঙ্কা রয়েছে। ভাগাভাগি হলে দল ক্ষতিগ্রস্ত হবে। বিদ্রোহী প্রার্থী নিয়ে নেতা-কর্মীরা বিব্রত বোধ করছেন।