দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এখানে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ জন ও সাধারণ সদস্য পদে ৫৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪৭ জন বিভিন্ন মামলার আসামি। তাঁরা জামিন নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী ২৪ জন ও সাধারণ সদস্য পদের ২৩ জনের বিরুদ্ধে হত্যা, নাশকতা, ভাঙচুর-অগ্নিসংযোগ, নারী ও শিশু নির্যাতন ও জুয়াসহ বিভিন্ন মামলা রয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মামলার আসামিরা হলেন সোনারায় আনছার আলী সরদার, মতিয়ার পারভেজ, উদয় নারায়ণ সরকার, বামনডাঙ্গায় মজনু মিয়া, আবদুল গফুর মণ্ডল, তারাপুরে একরামুল হক চৌধুরী, দহবন্দে গোলাম মোস্তফা প্রামাণিক, সর্বানন্দে মাহাবুর রহমান, রামজীবনে মিজানুর রহমান, শামছুল হুদা সরকার, ইদ্রিস আলী, ধোপাডাঙ্গায় মোখলেছুর রহমান মণ্ডল, আমিনুল ইসলাম, ছাপড়হাটিতে মামুনুর রশিদ প্রামাণিক, শান্তিরামে মোস্তাফিজুর রহমান, ছামিউল ইসলাম, কঞ্চিবাড়ির আশরাফুল আলম চাকলাদার, আবদুল করিম সরকার, শ্রীপুরে শহিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, আবদুল হামিদ সরকার, চণ্ডীপুরে ফুল মিয়া, মাইদুল ইসলাম ও ফজলুল হক সরকার।
যেসব প্রার্থী মামলার আসামি তাঁদের বিষয়ে কী ভাবছেন—এ ব্যাপারে জানতে চাইলে ধোপাডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোটার শাহাজাদা মিয়া বলেন, ‘অনেকে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আসামি হয়েছেন। কেউ জড়িত না থেকেও আসামি। সেটা দেখবে প্রশাসন। কিন্তু এলাকার প্রার্থী কে কেমন, আমরা জানি। তাই জেনেশুনেই ভোট দেব।’ বামনডাঙ্গার ৬ নম্বর ওয়ার্ডের ভোটার নাদিম মাহমুদ বলেন, ‘যাঁরা নাশকতার মতো ঘটনার আসামি, তাঁদের নির্বাচন করতে দেওয়া ঠিক হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যান প্রার্থী বলেন, ‘আমি গতবারের ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরিকল্পিতভাবে আমাকে মামলায় জড়িয়েছে। এরপরও জনসমর্থনে এগিয়ে আছি।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা জামিনে আছেন। কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর রহমান প্রামাণিক বলেন, মামলা থাকলেও সমস্যা নেই। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রার্থিতা বৈধ থাকে।