সুন্দরগঞ্জের চার পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতকড়া পরা অবস্থায় পালানোর সময় ট্রাকচাপায় রিপন চন্দ্র দাস (২২) নামের এক আসামি নিহত হওয়ার ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে গত শুক্রবার রাতে তাঁদের প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার করে নেওয়া পুলিশ সদস্যরা হলেন সুন্দরগঞ্জ থানার এসআই রাজু মিয়া, কনস্টেবল নার্গিস বেগম, মোস্তাফিজার রহমান ও শাহানুর রহমান।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, ট্রাকচাপায় রিপনের মৃত্যুর ঘটনায় সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মইনুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গত বুধবার সুন্দরগঞ্জ থানায় রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা। পরদিন বৃহস্পতিবার বগুড়ার কাহালু থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও রিপনকে গ্রেপ্তার করেন এসআই রাজু মিয়াসহ কয়েকজন পুলিশ। মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জ যাওয়ার পথে বিকেলে পলাশবাড়ী উপজেলা শহরের কোমরপুর এলাকায় পৌঁছালে রিপন প্রস্রাব করার কথা বললে পুলিশ তাঁকে হাতকড়া পরা অবস্থায় মহাসড়কের পাশে নামায়। ওই অবস্থায় দৌড়ে পালানোর সময় ট্রাকচাপা পড়ে ঘটনাস্থলেই রিপন মারা যান বলে জানায় পুলিশ।
রিপন গাইবান্ধার সুন্দরগঞ্জের হাতিয়া মাঝিপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা বাবলু চন্দ্র দাসের অভিযোগ, এসআই রাজু মিয়া ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। ঘুষ না পেয়ে পুলিশ পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করে দুর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছে। যদিও এসআই রাজু ওই অভিযোগ অস্বীকার করেছেন।