সুন্দরগঞ্জের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুস সবুর স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।
উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান জেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক এবং ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক।
বরখাস্তের কথা নিশ্চিত করে এলজিআরডি মন্ত্রণালয়ের গাইবান্ধা স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমান বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় বরখাস্তের চিঠি ফ্যাক্সে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে আসে। এ-সংক্রান্ত চিঠি গতকাল বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগমকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জে তাণ্ডব ও একই বছর ১৪ নভেম্বর উপজেলার ডোমেরহাটে শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম ছাত্রাবাস শাখার সভাপতি খলিলুর রহমান ওরফে মামুনকে (২৫) হত্যা মামলায় চেয়ারম্যান মাজেদুর রহমানকে অভিযুক্ত করে গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। সে সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ও ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে সহিংসতার মামলায় ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। ফলে সরকার তাঁর দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মনে করায় তাঁকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
মুঠোফোনে মাজেদুর রহমান বলেন, ‘বরখাস্ত হওয়ার কথা শুনেছি, তবে গতকাল বুধবার বেলা তিনটা পর্যন্ত এ-সংক্রান্ত কোনো চিঠি পাইনি।’ তিনি আরও বলেন, যেসব ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয়, সেসব ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। তিনি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান। আবু সোলায়মান সরকারও একই কথা জানান।