সুন্দরগঞ্জের তিস্তার গর্ভে শতাধিক ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর ভাঙনে গত তিন দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের উজান তেওড়া গ্রামের শতাধিক ঘরবাড়ি ও প্রায় ৫০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে অধর্শতাধিক পরিবার।
উজান তেওড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহিনুর বেগম বলেন, প্রতিদিন পাঁচ থেকে ছয় ফুট এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে৷ এভাবে ভাঙতে থাকলে কিছুদিনের মধ্যে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে।
গত শনিবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, মানুষ ঘরবাড়ি সরাতে ব্যস্ত৷ গ্রামবাসী বলেন, দফায় দফায় বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদী ভাঙছে৷
কৃষক তালেব মিয়া বলেন, ‘তিন দিনের মদ্দে হামার তিনটা ঘর, দেড় বিগা জমি নদীত গেচে। হামরা একন বানদোত থাকপ্যার নাগচি।’ ওই গ্রামের সুরুত আলী, নজরুল ইসলাম ও হোসেন আলী বলেন, ‘নদী ভাঙার হাত থাকি হামার ঘরোক বাঁচান।’
হরিপুর ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম বলেন, ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানো হচ্ছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, ওই এলাকায় ভাঙনরোধে আপাতত কোনো কর্মসূচি নেই।