সুন্দরগঞ্জের দগ্ধরা ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই তাঁরা ছিলেন ঋণগ্রস্ত। এর ওপর গাইবান্ধার সদর উপজেলায় বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হওয়ায় তাঁদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছে। তাঁদের অধিকাংশই দিনমজুর ও রিকশাচালক। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁদের আয়রোজগার বন্ধ। এ কারণে ঋণের কিস্তি দিতে না পেরে তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন।
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে ৬ ফেব্রুয়ারি রাতে বাসে পেট্রলবোমা ছুড়ে মারার ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান। বাসটি সুন্দরগঞ্জ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পেট্রলবোমা হামলায় দগ্ধ হওয়া ৪০ জনের মধ্যে ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন পাঁচজনের সঙ্গে কথা বলে তাঁদের দুর্দশার কথা জানা গেছে।
সেদিন দগ্ধ হওয়া সুন্দরগঞ্জের চণ্ডীপুরের শুভচণ্ডী এলাকার সাধনা রানী (৫০) ঢাকায় মানুষের বাসাবাড়িতে কাজ করেন। স্বামী বলরাম চন্দ্র বিক্রমপুরে কৃষিশ্রমিকের কাজ করেন। দুই মেয়ে এক ছেলে। গ্রামে বড় মেয়ের বিয়েতে এসে আরেক মেয়ে শিল্পী রানী ওই দিন দগ্ধ হয়ে মারা যান। সাধনা রানী বলেন, ‘আশা এনজিওর সাত হাজার আর অন্য মানুষের ২৪ হাজার টাকাসহ ৩১ হাজার টাকা দেনা আছে। এই দেনা পরিশোধের জন্য ঢাকায় কাজে যাচ্ছিলাম। কিন্তু এলা কী হইবে তা বুঝি পাইতোছি না।’
সুন্দরগঞ্জের চণ্ডীপুরের উজান বোচাগাড়ী এলাকার নজরুল ইসলাম (৩০) ঢাকায় রিকশা চালাতেন। থাকতেন রাজারবাগে। সুস্থ হয়ে উঠলেও রিকশা চালাতে পারবেন কি না, এ নিয়ে তাঁর দুশ্চিন্তার শেষ নেই। তাঁর পাঁচ বছর বয়সের একটি ছেলে রয়েছে। তিনি বলেন, ‘ব্র্যাক থেকে ১০ হাজার টাকা লোন নিছি। কিস্তির ৩০০ টাকা প্রতি সপ্তাহে জমা দেওয়া নাগে। এই অবস্থায় কেমন করি এই টাকা শোধ করমো বলেন?’
চণ্ডীপুরের রফিকুল ইসলাম (৩০) ঢাকার গুলিস্তানে থেকে শ্রমিকের কাজ করেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে আছে। শুক্রবার ছুটির দিনে অবরোধে সহিংসতা হবে না ভেবে ওই দিন গাড়িতে উঠেছিলেন। তিনি বলেন, ‘গ্রামের এসকেএস এনজিওতে ৩০ হাজার ও গ্রামবাসীর কাছ থেকে ২০ হাজার টাকা লোন নিছি। লোনের টাকা শোধ করার জন্য ঢাকাত কাজ করিবার গেইছি।’
চণ্ডীপুরের কামারের ভিটা এলাকার আবদুল মোতালেব (৪৫) ঢাকায় রিকশা চালান। ঋণ করে একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন। গ্রামের গণ-উন্নয়ন কেন্দ্র এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। এই টাকা কেমন করে শোধ করবেন, তা নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
শান্তিরাম এলাকার মো. জাহাঙ্গীর ঢাকায় রিকশা চালান। তাঁর দুই ছেলে আছে। গ্রামের লোকজনের কাছ থেকে তিনি ১৭ হাজার টাকা ঋণ নিয়েছেন। একজন এক গ্রামবাসীর কাছ থেকে ৫০০ টাকা নিয়ে ৬ ফেব্রুয়ারি ঢাকা যাচ্ছিলেন। পথে ঘটে যায় দুর্ঘটনা। তিনি বলেন, ‘যা অবস্থা হইছে, সুস্থ হয়া কি রিকশা চালবার পামো? কেমন করিয়া জীবন চলবে। লোনের টাকা যে কেমন করিয়া শোধ করমো?’
এদিকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে পেট্রলবোমায় দগ্ধ রোগী রয়েছেন ১৯ জন। এঁদের মধ্যে গতকাল রোববার পর্যন্ত সুন্দরগঞ্জের ১৪ জন বার্ন ইউনিটে ভর্তি ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান বলেন, রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে অনেক রোগীকে ছেড়েও দেওয়া হয়েছে।