সুন্দরগঞ্জের মেয়র সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র নুরুন্নবী প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-২ শাখা) এই বরখাস্তের আদেশ জারি করে।
পৌরসভার প্যানেল মেয়র লুৎফর রহমানকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মোহাম্মদ আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গাইবান্ধা এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কার্যালয় জানায়, গত বছরের ২১ নভেম্বর থেকে মেয়র কোনো সভা না করে আইইউআইডিবি প্রকল্পের চেকে সই করে অর্থ ছাড় করেন নুরুন্নবী। এ ছাড়া তিনি বিভিন্ন তারিখে বিভিন্ন প্রকল্পের অনুকূলে অর্থ ছাড় করে চেক ও রেজিস্টারে সই করেন। ২০১৩-১৪ অর্থবছরে বরাদ্দ করা মোট ৫১ লাখ টাকার বিপরীতে প্রকল্প গ্রহণ ও কোনো দরপত্র আহ্বান করা হয়নি। অথচ ওই প্রকল্পের টাকা পৌরসভার নিজস্ব হিসেবে জমা রাখা হয়।
পৌরসভার ১০ জন কাউন্সিলরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তদন্ত করে নুরুন্নবী প্রামাণিকের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যায়।