সুন্দরগঞ্জের সাবেক সাংসদ কাদের খানের গ্রেপ্তার হওয়া নিয়ে গুঞ্জন
জাতীয় পার্টির নেতা ও গাইবান্ধা-১ আসনের সাবেক সাংসদ আবদুল কাদের খানের গ্রেপ্তার হওয়া নিয়ে গতকাল সোমবার শহরে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রায় এক সপ্তাহ ধরেই তাঁর বগুড়া শহরের ক্লিনিক ও বাড়ি ঘিরে রেখেছে সাদা ও পোশাকধারী পুলিশ। তবে এ নিয়ে গতকাল সকাল থেকে শহরময় খবর ছড়িয়ে পড়ে এদিনই কাদের খান গ্রেপ্তার হতে পারেন। সেখানে ছুটে যান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা। দুপুরের পর থেকে সাংবাদিকদের ভিড় ক্রমেই বাড়তে থাকে।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘গত শুক্রবার থেকেই গাইবান্ধা পুলিশকে আমরা সহায়তা করছি।’ আবদুল কাদের খান গ্রেপ্তার হচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা গাইবান্ধা পুলিশ জানে।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা থেকে গোয়েন্দা পুলিশের আরেকটি দল আবদুল কাদের খানের বাসভবনে ঢোকে। তবে তারা তাঁকে গ্রেপ্তার করবে কি না, সে বিষয়ে কিছু বলেনি।
এর আগে অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল কাদের খানের বাড়ি ও আশপাশে অবস্থান করা পুলিশ সদস্যরা ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের। এ বিষয়টি নিশ্চিত করেছিলেন বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম ফোনে প্রথম আলোকে বলেছিলেন, কাদের খানসহ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকারী সবার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। তবে শনিবার সকালেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকায় অবস্থিত কাদের খানের মালিকানাধীন ক্লিনিক ‘গরীব শাহ্ ক্লিনিক’। একই ভবনের চতুর্থ তলায় সপরিবারে বাস করেন তিনি। তাঁর স্ত্রী জে ইউ নাসিমাও একজন চিকিৎসক। কয়েক দিন ধরে পুলিশ ঘিরে রাখার পর গত বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ করে পোশাকধারী পুলিশের সংখ্যা বেড়ে যায় সেখানে। শুক্রবার সকাল থেকে ওই ভবনের আশপাশের মোড়ে মোড়ে অবস্থান নেন সাদাপোশাকের পুলিশের পাশাপাশি পোশাকধারী পুলিশ সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছিলেন।
এলাকায় ধারণা করা হচ্ছিল, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও কৌশলগত কারণে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে নজরবন্দি করে রাখা হতে পারে। কিন্তু তাও হয়নি। গতকাল এলাকায় রটে যায় গ্রেপ্তার হচ্ছেন কাদের খান। আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে তাঁর নাম এসেছে কি না, তা নিয়েও বলাবলি হতে থাকে।
জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের খান ২০০৮ সালে গাইবান্ধা-১ আসনে ওই দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সে আসনে আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর মনজুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হলে আসনটি শূন্য হয়। ওই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী ২২ মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে।