সুন্দরবন অভিমুখী জনযাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন অভিমুখী জনযাত্রা মানিকগঞ্জ পৌঁছানোর পর  দুপুরে জেলা শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল  বের করা হয় l ছবি: প্রথম আলো
সুন্দরবন অভিমুখী জনযাত্রা মানিকগঞ্জ পৌঁছানোর পর দুপুরে জেলা শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয় l ছবি: প্রথম আলো

বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন রক্ষায় রামপাল ও ওরিয়নের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং জাতীয় কমিটি ঘোষিত সাত দফা বাস্তবায়নের দাবিতে ঢাকাসহ সারা দেশ থেকে সুন্দরবন অভিমুখী জনযাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও প্রতিবাদী গানের অনুষ্ঠান শেষে এই জনযাত্রা শুরু হয়।
সমাবেশে জনযাত্রার উদ্বোধন ঘোষণা করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পী কফিল আহমেদ ও গানের দল মাভৈ।
কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার জেনেশুনে সুন্দরবন-বিধ্বংসী রামপাল ও ওরিয়ন বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে জনগণের মুখে বিষ ঢেলে দিচ্ছে। এই প্রকল্পের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও গণজাগরণ সৃষ্টির জন্য এই পদযাত্রা।
সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, জাতীয় গণফ্রন্ট, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, শ্রমজীবী সংঘ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এই জনযাত্রায় অংশ নিচ্ছে। কর্মসূচি শুরুর সমাবেশে এসব দল ও সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করে মৎস্য ভবনের সামনে গিয়ে বাসে জনযাত্রা শুরু করেন।
এদিকে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম গতকাল এক বিবৃতিতে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের গণবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
ফরিদপুর অফিস জানায়, ১০টি বাস ও চারটি পিকআপ ভ্যানের বহর নিয়ে গতকাল সন্ধ্যায় দলটি ফরিদপুরে পৌঁছায়। জেলা শহরের আলীপুর মোড়ে সভার আয়োজন করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, এর আগে গতকাল দুপুরে মানিকগঞ্জে সমাবেশের আয়োজন করা হয়। জেলা শহরের বিজয়মেলা মাঠের মূল ফটকের সামনে এ সমাবেশ শেষে কমিটির সদস্যরা ফরিদপুরের উদ্দেশে যাত্রা করেন।