সুন্দরবনে ছড়িয়ে পড়া তেলের প্রভাব নিরূপণে গত ২২ ডিসেম্বর বাংলাদেশে আসে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। তাঁদের দুজনের সাক্ষাৎকার নিয়েছেন ইফতেখার মাহমুদ|
১. গ্যারি সিগেনাকা যুক্তরাষ্ট্রের সমুদ্রসম্পদ রক্ষাবিষয়ক সংস্থা নোয়ার বিজ্ঞানী

প্রশ্ন: বড়দিনের ছুটি বাতিল করে সুন্দরবনের তেল অপসারণ নিয়ে কাজ করতে এসেছেন। কেন রাজি হলেন?
গ্যারি সিগেনাকা: যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমাকে সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার ব্যাপারে কাজ করার জন্য বলা হলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন। তাই এই বনে তেল ছড়িয়ে পড়ার কী প্রভাব পড়ল, তা জানার আগ্রহ হয়। এ ছাড়া দক্ষতা দিয়ে যদি সুন্দরবনকে সামান্য হলেও সহযোগিতা করতে পারি, তাও আমি চেয়েছি। এসব বিবেচনায় বড়দিনের ছুটির মধ্যেও কাজ করতে এসেছি।
প্রশ্ন: সুন্দরবনে তো জীবনে প্রথমবারের মতো কাজ করতে এসেছেন। কেমন দেখলেন, কী মনে হলো?
গ্যারি: ২৩ ডিসেম্বর যখন আমরা প্রথম সুন্দরবনে পৌঁছলাম, তখন ছিল সন্ধ্যা। পরের দিন আমরা বনের গভীরে যাই। জীবনে বিশ্বের বেশির ভাগ বড় বনে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু সুন্দরবনের সৌন্দর্য্য আর প্রাকৃতিক ক্ষমতা আমাকে বিস্মিত করেছে। এটাকে আমি বলব, আমার সারা জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। তাই এখানকার ক্ষতি কমাতে আমি যদি সামান্য কোনো ভূমিকা রাখতে পারি, তাহলে খুশি হব।
প্রশ্ন: সর্বশেষ মেক্সিকো উপসাগরে বিপির জাহাজ থেকে যে তেল ছড়িয়ে পড়েছিল, তার তদন্ত কমিটির সদস্য ছিলেন। আগের অভিজ্ঞতার সঙ্গে সুন্দরবনের অবস্থার পার্থক্য কতটুকু?
গ্যারি: কোনো বনের প্রাথমিক ক্ষতি বোঝার জন্য কমপক্ষে টানা ৩০ দিন পর্যবেক্ষণ করতে হয়। না হলে ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। ২০১০ সালে মেক্সিকো উপসাগরে বিপির তেল দুর্ঘটনার অনেক ক্ষতি আমরা এখনো বুঝতে পারিনি। আর সুন্দরবন পৃথিবীর যেকোনো বনের চেয়ে সংবেদনশীল। এখানকার ক্ষতি বোঝা আরও কঠিন। কমপক্ষে এক বছর ধরে পর্যবেক্ষণ করলে তবেই তা বোঝা সম্ভব। যেসব সংস্থা আগে থেকে সুন্দরবন নিয়ে কাজ করছে যেমন: বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ও বন বিভাগকে দীর্ঘ মেয়াদে ক্ষতির পর্যবেক্ষণের প্রধান দায়িত্ব নিতে হবে। কেননা, তাদের কাছে আগের তথ্য, পর্যবেক্ষণ আছে।
প্রশ্ন: সুন্দরবন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের সীমা কতটুকু?
গ্যারি: সুন্দরবন ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। সেই অর্থে এটি বিশ্বসভ্যতার সম্পদ। তবে আইনগতভাবে এই বনের সম্পদের মালিক বাংলাদেশের জনগণ। বাংলাদেশ সরকার জনগণের পক্ষে এই বনের জীববৈচিত্র্য ও সম্পদ রক্ষা করবে। আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘ এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা ও পরামর্শ দিতে পারে। এর চেয়ে বেশি দায়িত্ব পালন সম্ভব না। বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করছে এই বন কীভাবে কতটুকু রক্ষা পাবে।
সাক্ষাৎকারটি নেওয়া হয় গত ২৬ ডিসেম্বর, সুন্দরবনে বিশেষজ্ঞ দলের পরিদর্শনকালে।
আরও পড়ুন: