সুন্দরবন উন্নয়ন বোর্ড গঠন চায় খুলনাবাসী
সুন্দরবন উন্নয়ন বোর্ড গঠন এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। গতকাল দুপুরে বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা আগমনকে সামনে রেখে কমিটি এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচানো এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সুন্দরবনকে রক্ষা করতে বনের সব ধরনের আহরণ বন্ধ রেখে বনকে সংরক্ষিত করতে যা যা করা দরকার সে ধরনের পদক্ষেপ গ্রহণের সুস্পষ্ট ঘোষণা ও সুন্দরবন উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। এতে আরও বলা হয়, দক্ষিণাঞ্চলের কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান সচলসহ অর্থনৈতিক উন্নয়নের লক্ষে৵ পাইপ লাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শেখ আশরাফ উজ-জামান, শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল, আবুল কাশেম, ফজলুর রহমান, হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।