সুন্দরবন এলাকায় কারেন্ট জালে পোনা আহরণ চলছেই
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে সুন্দরবনসংলগ্ন নদ-নদীতে চিংড়িপোনা আহরণ চলছে। কোস্টগার্ড বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করলেও কারেন্ট জাল দিয়ে পোনা আহরণ বন্ধ হচ্ছে না।পরিবেশবিশেষজ্ঞরা বলছেন অতি ক্ষুদ্র ফাঁসের এ জাল থেকে ডিমসহ কোনো পোনাই রেহাই পায় না। একটি বাগদা পোনা সংগ্রহ করতে গিয়ে প্রায় ৫০ রকম মাছের পোনা ও তিন শতাধিক জলজ উদ্ভিদ ধ্বংস হচ্ছে। ফলে সুন্দরবনসহ দক্ষিণ উপকূলে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাগদা চিংড়িপোনা আহরণ মৌসুম। প্রতিবছর সাগর ও সুন্দরবনের বিভিন্ন নদী-খালে কারেন্ট জাল দিয়ে পোনা ধরতে আসা জেলেরা বিভিন্ন নদীর চরে অস্থায়ী বসতি গড়ে তোলেন।মংলার চিংড়িচাষি মাহামুদ হাসান বলেন, হ্যাচারির পোনার তুলনায় নদীর পোনা ঘেরে ছাড়লে তাতে উৎপাদন অনেক বেশি হয়। এ কারণে ব্যবসায়ীদের কাছে নদীর পোনার চাহিদা বেশি। দামও বেশি হওয়ায় জেলেরা পাল্লা দিয়ে নদী-খাল থেকে এ সময় পোনা আহরণে ব্যস্ত থাকেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী বলেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক পরিসংখ্যানে দেখা গেছে, একটি বাগদার পোনা আহরণে ১৯ রকম চিংড়ি প্রজাতির পোনা, ৩১ রকম অন্যান্য মাছের পোনা ও ৩১২ রকমের জলজ উদ্ভিদ ধ্বংস হচ্ছে। মৎস্যসম্পদের জন্য এ ক্ষতি অপূরণীয়। তাই আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে কারেন্ট জাল ব্যবহারের ক্ষতির দিক সম্পর্কে স্থানীয় জনসাধারণকে সচেতন করতে আরও বেশি করে জানাতে হবে।মংলা উপজেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, কারেন্ট জাল দিয়ে পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও জেলেরা এই জাল দিয়ে অবৈধভাবে পোনা সংগ্রহ করছেন। কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১২ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সুন্দরবনসংলগ্ন বিভিন্ন নদী-খাল থেকে আমরা প্রায় ১২ কোটি টাকার কারেন্ট জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল আটক করেছি। কারেন্ট জাল আটকে আমাদের অভিযান অব্যাহত আছে।’