সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখলেন ১৫ দেশের রাষ্ট্রদূত-প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের কমপাউন্ডে অবস্থিত জাদুঘর ঘুরে দেখেন ১৫ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ‘মুজিব ফ্যামিলাইজেশন ট্যুর’–এর অংশ হিসেবে বাগেরহাটে সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখলেন ১৫ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। এই দলে ছিলেন ইন্দোনেশিয়া, ইরাক, ইতালি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি। সঙ্গে ছিল বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ বাংলাদেশ সরকারের একটি দলও।

ভ্রমণ দলটি গত রোববার যশোর হয়ে বাগেরহাটের মোংলায় পৌঁছে। এর পর থেকে একটি টুরিস্ট লঞ্চে করে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখে। সেখান থেকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে পৌঁছায় তারা। ঘুরে দেখে বাগেরহাট জাদুঘরও।

প্রতিনিধিদলে থাকা ঢাকায় কর্মরত নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুমার রায় বলেন, ‘বাংলাদেশের ষাটগম্বুজ মসজিদে ঘুরতে এসে আমি মুগ্ধ হয়েছি। এটার স্থাপত্যশৈলী অসাধারণ। আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। তবে এই মসজিদের স্বতন্ত্র স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ। আমি বিশ্বের পর্যটকদের অনুরোধ করব, এই স্থাপনাগুলো ঘুরে দেখার জন্য।’

সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। এর অন্যতম নিদর্শন সুন্দরবন, যা দেখে অভিভূত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রদূত ও প্রতিনিধি। বাগেরহাটের লোকজন অত্যন্ত সৌভাগ্যবান। বিশ্ব ঐতিহ্যের বড় দুটি স্থানই পড়েছে বাগেরহাটে। একটি সুন্দরবন, অন্যটি ষাটগম্বুজ মসজিদসহ খানজাহানের অন্যান্য স্থাপনা।

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সঙ্গে আজ এখানে ১৫টি দেশের রাষ্ট্রদূত এবং দুটি সংস্থার প্রতিনিধি এসেছেন। তাঁরা সবাই আমাদের দেশের এই প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা দেখে মুগ্ধ হয়েছেন। আমরা আমাদের এই ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছি। এখানে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি বলেছেন, তাঁরা তাঁদের দেশের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে উৎসাহিত করবেন।’

সম্প্রতি প্রকাশিত এক তালিকায় জলবায়ুর ঝুঁকিতে থাকা সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য বিশ্বের ২৫টি ঐতিহ্যের তালিকায় নাম এসেছে ষাটগম্বুজ মসজিদসহ খানজাহান আমলে নির্মিত বাগেরহাটের অন্যান্য স্থাপনার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘কিছুতেই এই ঐতিহাসিক স্থাপনা নষ্ট করতে দেওয়া যাবে না। এ বিষয়ে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে হাইওয়ে অন্যদিক দিয়ে যাবে। কোনোভাবেই পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব নষ্ট হতে দেওয়া যাবে না।’