সুন্দরবন জ্বলছেই
সুন্দরবন পূর্ব বিভাগের ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের আওতাধীন নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকার আগুন গত বৃহস্পতিবার রাতে নিভিয়ে ফেলা হয়েছে। তবে গতকাল শুক্রবারও নাংলি এলাকায় আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস ও বনকর্মীরা শ্রমিকদের নিয়ে সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন।পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে গতকাল বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, নাংলি এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। নাপিতখালী ও পচাকুড়ালিয়ায় প্রায় পাঁচ একর এবং নাংলিতে প্রায় চার একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বুধবার দুপুরে নাংলি ক্যাম্পের নাংলি এলাকা এবং মঙ্গলবার বিকেলে নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকায় আগুন লাগে। বনসংরক্ষক আকবর হোসেন জানান, শনিবারের (আজ) মধ্যে আগুন নিভিয়ে ফেলা যাবে। তিনি বলেন, ‘১ মার্চ থেকে পরপর চারটি অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের সন্দেহ বেড়েছে। তদন্তে দুটি কমিটি কাজ শুরু করেছে।’