সুন্দরবন থেকে অপহূত ৭০ জন জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের মাথাভাঙ্গা নদীসংলগ্ন নুছোখালী খাল থেকে অপহূত ৭০ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
এ সময় ২৬টি নৌকা উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিজিবি ও বন বিভাগের সহযোগিতায় কোস্টগার্ড তাঁদের উদ্ধার করে।
সন্যাসী মণ্ডল (৩০), মিজানুর রহমান গাজী (২৮) ও আশরাফ গাজী (৩৫) নামের তিন জেলে জানান, গত ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর (গত মঙ্গলবার) পর্যন্ত ১০০ জন জেলে পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে সুন্দরবনে যান।
এ সময় সুন্দরবনের বনদস্যু আলীম বাহিনী তিন দফায় মাদার নদীর ধসেখালী খাল থেকে ৭০ জেলেকে আটক করে। পরে মুক্তিপণ বাবদ প্রত্যেকের কাছে ২৫ হাজার করে টাকা দাবি করা হয়। তাঁরা বুধবার মাথাপিছু ছয় হাজার টাকা করে বনদস্যু বাহিনীকে পরিশোধ করেন।
বাকি টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করবেন—এই শর্তে তাঁরা মুক্তি চান। কিন্তু তাঁদের মুক্তি না দিয়ে ৫ অক্টোবরের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে বলা হয়।
ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, উদ্ধারকৃত জেলেদের তাঁদের রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।