সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক
সুন্দরবন থেকে গতকাল বুধবার কাশেম গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে ছয়টি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। গতকাল বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ও কোস্টগার্ডের সদস্যদের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। র্যাবের ভাষ্যমতে, কাশেম গাজী বনদস্যু ও কাশেম বাহিনীর প্রধান। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের নূর আলী গাজীর ছেলে। র্যাবের সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।র্যাবের দেওয়া তথ্যমতে, সুন্দরবন পশ্চিম বিভাগের কালাবগি স্টেশনের দোদাবগি খালে গতকাল দুপুরে প্রায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধের পর কাশেমকে আটক করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানানো হয়নি। র্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রাইফেল ও পাঁচটি বিদেশি বন্দুক।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সহ-অধিনায়ক লে. কমান্ডার নূর-ই-আলম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের কালাবগি স্টেশনের দোদাবগী খাল এলাকায় বনদস্যু কাশেম বাহিনীর প্রধান কাশেম ও তাঁর ছয়-সাতজন সহযোগী অবস্থান করছিলেন। খবর পেয়ে র্যাব ও কোস্টগার্ডের একটি দল গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব ও কোস্টগার্ড পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।র্যাব-৬-এর ভাষ্যমতে, প্রায় দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের সময় র্যাব ও কোস্টগার্ড অন্তত ১২০টি গুলি ছোড়ে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে ওই এলাকা ঘেরাও করে ছয়টি বিদেশি আগ্নেয়ান্ত্রসহ কাশেমকে আটক করা হয়। কাশেমের বিরুদ্ধে খুলনার দাকোপ ও বটিয়াঘাটা থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে র্যাবের ওই কর্মকর্তা জানান।