সুন্দরবন থেকে ইলিশসহ দুই ব্যক্তি অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খালে এক ইলিশ মাছ ব্যবসায়ীর ট্রলারে স্থাপিত ভাসমান ডিপো থেকে ছয় মণ ইলিশসহ দুজন কর্মচারীকে অপহরণ করেছে বনদস্যুরা। গত সোমবার রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্প এলাকার ইন্দুরকানি খালের মুখে এ ঘটনা ঘটে।
ওই ভাসমান ডিপোর মালিক ও মংলা উপজেলার জয়মনির ঘোল গ্রামের আবদুল মালেক গতকাল মঙ্গলবার দুপুরে এই প্রতিনিধিকে বলেন, পূর্ব সুন্দরবনসংলগ্ন উপকূলে তাঁর ১০টি ছোট ট্রলার ১৫ দিন ধরে ইলিশ ধরছে। এসব ট্রলারে শিকার হওয়া ইলিশ মাছ বরফ দিয়ে রাখার জন্য ইন্দুরকানি খালে একটি ট্রলারকে তিনি ডিপো হিসেবে ব্যবহার করেন। সোমবার রাতে ১০-১২ জনের একদল সশস্ত্র জলদস্যু সেখানে হামলা চালায়। হামলাকারীরা নিজেদের ‘শান্ত বাহিনী’র সদস্য পরিচয় দেয়। তারা ট্রলারে থাকা কর্মচারীদের মারধর করে এবং ছয় মণ ইলিশসহ মুস্তাফিজ ও এবায়েত হোসেন নামের দুজন কর্মচারীকে অপহরণ করে নিয়ে যায়। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো মুক্তিপণ দাবি করেনি। গতকাল সকালে তিনি তাঁর কর্মচারীদের মাধ্যমে এ ঘটনা জেনেছেন। মুস্তাফিজের বাড়ি মংলার জয়মনি গ্রামে এবং এবায়েতের বাড়ি রামপাল উপজেলার পেড়িখালী এলাকায়।
তবে এ ধরনের কোনো ঘটনার কথা জানেন না বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগ ও কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।