সুন্দরবন থেকে কিশোরকে অপহরণ
সুন্দরবনের খালে মাছ ধরার সময় মো. লিটন নামের এক কিশোর জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। গত রোববার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া খাল থেকে তাকে অপহরণ করা হয়। লিটন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের হারুন মিয়ার ছেলে।
লিটনের পরিবার সূত্রে জানা গেছে, কচুবাড়িয়া গ্রামের ইউসুফ মিয়া (২৭), সগির হোসেন (২৩) ও মো. লিটন (১৪) এক সপ্তাহ আগে একটি নৌকায় করে সুন্দরবনে মাছ ধরতে যান। রোববার সন্ধ্যা সাতটার দিকে মাছ ধরার সময় দুজন সশস্ত্র জলদস্যু তাঁদের নৌকায় হানা দিয়ে তিনজনকেই অপহরণ করে। পরে তারা লিটনকে আটক রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে অন্য দুই জেলেকে মুঠোফোনের একটি নম্বর দিয়ে ছেড়ে দেয়। গতকাল বুধবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
ইউসুফ মিয়া বলেন, ‘জলদস্যুরা লিটনকে আটকে রেখে আমাদের দুজনকে মুঠোফোনের একটি নম্বর দিয়ে ছেড়ে দেয়। লিটনকে ছাড়িয়ে নিতে তারা ২০ হাজার টাকা নিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলেছে।