সুন্দরবন থেকে জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ক্যাম্পসংলগ্ন ফলিসাবুনিয়া এলাকা থেকে দুলাল খান (৪০) নামের এক জেলেকে অপহরণ করা হয়েছে। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া গ্রামে।
পারিবার সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় দুলাল খান ছেলে লাভলুকে (১৫) নিয়ে নৌকায় করে সুন্দরবনে মাছ ধরতে যান। পরদিন ভোর ছয়টার দিকে একটি ট্রলারে করে পাঁচ-ছয়জন সশস্ত্র জলদস্যু ফলিসাবুনিয়া এলাকায় তাঁদের নৌকায় হানা দিয়ে দুলালকে অপহরণ করে। ঘটনার পর মুঠোফোন থেকে জলদস্যু পরিচয়ে দুলালের স্ত্রীর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মঠবাড়িয়ার সাপলেজা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আবু জাহিদ বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। তা ছাড়া ঘটনাস্থল শরণখোলা রেঞ্জে হওয়ায় তাঁর পক্ষে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।