সুন্দরবন থেকে দুই বনদস্যু গ্রেপ্তার, বন্দুক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা ব ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ‘বনদস্যু’ আমীর বাহিনীর দুই সদস্যকে একটি বন্দুকসহ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত আটটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকার সাপখালি খাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনিমুখো গ্রামের আবদুর রহমান শেখ (২৬) ও খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালি গ্রামের শরিফুল ইসলাম (৩৫)। বন বিভাগ ও র্যা বের দাবি, ওই দুজন সুন্দরবনের বনদস্যু আমীর বাহিনীর সদস্য।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিসের ফরেস্টার আমীর আলীর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর টহল ফাঁড়ির সাপখালি এলাকা থেকে বনদস্যু আমীর বাহিনীর সদস্য আবদুর রহমান শেখ ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
খুলনা র্যা ব-৬-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মাহফুজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার একই এলাকা থেকে বনদস্যু আমীর বাহিনীর সদস্য শ্যামনগর উপজেলার গাবুরা ৯ নম্বর সোরা গ্রামের ফরিদ হোসেন মোল্যাকে দুটি রাইফেল, দেশি দুটি বন্দুকসহ গ্রেপ্তার করা হয়।