চার জেলায় ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি
বাগেরহাটের রামপালের পরিবর্তে সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বের কোনো স্থানে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ দাবিতে গতকাল শনিবার সকালে দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও নীলফামারীতে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড আবদুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন ও হবিবর রহমান পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নীলফামারী শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। এতে সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি তপন কুমার রায়, যুবমৈত্রীর জেলা সভাপতি ভবেশ চন্দ্র রায়, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি যতীন্দ্র নাথ রায়, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি রণজিৎ কুমার রায় প্রমুখ। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।
গাইবান্ধায় শহরের ডিবি সড়কের রেলগেট এলাকায় সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মমতাজুর রহমান।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সদস্য ইমরান হোসেন চৌধুরী ও তৈমুর রহমান, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
{দিনাজপুর অফিস এবং গাইবান্ধা, ঠাকুরগাঁও ও নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্য}