সুন্দরবন থেকে মধু সংগ্রহ শুরু
সুন্দরবন থেকে আনুষ্ঠানিকভাবে মধু সংগ্রহ শুরু হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় গত বুধবার একটি মৌচাক (মোচা) কেটে চলতি মৌসুমের মধু সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
এর আগে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কার্যালয়ে মধু সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক সুনীল কুমার কুন্ডু। সভায় এ মৌসুমে মৌয়ালদের মাছির শরীরে আগুন না লাগানো, সম্পূর্ণভাবে মৌচাক বা মোচা ধ্বংস না করার জন্য কঠোরভাবে নিষেধ করা হয়। পাশাপাশি বাঘ ও হরিণ শিকার থেকে বিরত থাকা, বাঘ এবং বনদস্যুদের কবল থেকে নিজেদের রক্ষার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম, বনজীবীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভাপতি অসীম কুমার জোয়ারদার প্রমুখ।