সুন্দরবন থেকে সাতটি অস্ত্রসহ একজন আটক
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কাঠেশ্বর এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ সময় বনদস্যু নাসির বাহিনীর এক সদস্যকে আটক করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, গত ১৮ জুলাই নাসির বাহিনীর সদস্য হাবিগঞ্জের নাতিনাবাদ এলাকার হাসেম আলী ওরফে মিলন ওরফে পাগলা রতন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলমের কাছে একটি বন্দুক ও তিনটি গুলিসহ আত্মসমর্পণ করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস জানান, পাগলা রতনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সোমবার রাতে তিনি নাসির বাহিনীর অপর সদস্য শ্যামনগর উপজেলার সোরা গ্রামের আল-আমিনকে আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সুন্দরবনের কাঠেশ্বর এলাকা থেকে দুটি দোনালা বন্দুক, চারটি একনলা বন্দুক ও একটি টু টু বোর রাইফেল উদ্ধার করা হয়। বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা হাসান কবীর জানান, মঙ্গলবার ভোরে পুলিশ তাঁদের অনুমতি নিয়ে সুন্দরবনে অভিযানে যায়।