দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যুরা ১০ জেলেকে অপহরণ করেছে। গত সোমবার সকালে পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশনের বৈকারীর বড়খাল এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়। এদিকে, বনদস্যুদের ধরতে বিজিবির অভিযান পরিচালনার সময় কৈখালী ক্যাম্পে আটক ট্রলার ছাড়িয়ে নিতে আসা তিন ব্যক্তিকে বনদস্যু সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।অপহূত জেলেরা হলেন: উপজেলার বৈশখালী গ্রামের দিদারুল ইসলাম, শৈলখালী গ্রামের আজিজুল ইসলাম, পশ্চিম কৈখালী গ্রামের সফিকুল ইসলাম, মলেঙ্গা গ্রামের করিম বরকন্দাজ, জয়াখালী গ্রামের নজরুল ইসলাম, পূর্ব কৈখালী গ্রামের সফিকুল ইসলাম, নৈকাটী গ্রামের আনার শেখ, সাপখালী গ্রামের শহিদুল ঢালী, জয়াখালী গ্রামের জাহাঙ্গীর গাজী ও কালিঞ্চি গ্রামের মোশারফ হোসেন।বিজিবি ৩৪ ব্যাটালিয়নের কৈখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অয়েজকুরুনী জানান, গত সোমবার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে বসদস্যু সেজে ভাই বাহিনী পরিচয়ে একদল বনদস্যু ওই ১০ জেলেকে অপহরণ করে। বনদস্যুরা মাথাপিছু ২০ হাজার টাকা দাবি করে জেলেদের সব সহযোগীকে ছেড়ে দেয়। তিনি আরও জানান, সকাল আটটায় টহল দেওয়ার সময় অপহূত জেলেদের সহযোগীরা অপহরণের ঘটনা জানানোর পর তাঁরা অভিযানে বের হন। একপর্যায়ে বেলা ১১টার দিকে বৈকারী এলাকার বড়খালের মুখে তাঁরা বনদস্যুদের দুটি ট্রলারকে চ্যালেঞ্জ করেন। এ সময় বনদস্যুরা একটি ট্রলার ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার পর বিজিবি সদস্যরা এটি নিয়ে ক্যাম্পে ফিরে আসেন। দুপুরের দিকে মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের নেপাল মণ্ডল নামের এক ব্যক্তি ট্রলারটি তাঁর দাবি করেন। কথায় সন্দেহ হলে তাঁকেসহ তাঁর সঙ্গে আসা শ্যামনগর উপজেলার মধ্যখলিশাবুনিয়া গ্রামের আশিক শেখ ও আশাশুনির দিঘলার আইট গ্রামের হাবিবুর রহমানকে বিজিবি সদস্যরা আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে গ্রেপ্তারকৃতদের দাবি, তাঁরা দস্যুতার সঙ্গে সম্পৃক্ত নয়। তাঁরা জেলে। কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কয়েকজন জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে। তবে তিনি সংখ্যা জানাতে পারেননি। কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, তাঁর ইউপির ১০ জন জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহূত হয়েছেন। বনদস্যুরা তাঁদের মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জেলেদের অপহরণের বিষয়ে তাঁকে কেউ অবহিত করেননি।