সুন্দরবন থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ২৬টি গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গতকাল শুক্রবার দুপুরে সুন্দরবনে যৌথ অভিযান চালিয়ে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ২৬টি গুলি উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি পাঁচটি ওয়ান শ্যুটার, একটি রিভলবার ও সাতটি এলজি। এ ছাড়া রাইফেল, পিস্তল ও শর্টগানের ২৬টি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার কাটিয়া নাংলা গ্রামের সাইদুল ইসলাম, গাওঘরা গ্রামের রফিকুল ইসলাম ও আমতলা গ্রামের মিলন মণ্ডল।র‌্যাব-৬-এর লেফটেন্যান্ট কমান্ডার নূর-ই-আলম প্রথম আলোকে বলেন, তাঁরা অবৈধ অস্ত্রের ব্যবসায়ী। তাঁরা সুন্দরবনের বনদস্যু মুকুল বাহিনীর প্রধান মুকুলের কাছে অস্ত্র ও গুলি বিক্রি করছেন—এই খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার তাঁদের বটিয়াঘাটা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল দুপুরে সুন্দরবনের জংড়া ফরেস্ট ক্যাম্পের দক্ষিণ দিকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ত্রসহ তাঁদের খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় কোস্টগার্ডের পেটি কর্মকর্তা এম এ কে আজাদ তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।