সুন্দরবন দিয়ে নৌ চলাচল বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল শনিবার এ দাবি জানান।
গত শুক্রবার সুন্দরবনের ২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এক হাজার টন কয়লাসহ একটি জাহাজডুবির ঘটনার প্রতিক্রিয়ায় দেওয়া এই বিবৃতিতে তাঁরা সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চলাচল স্থায়ীভাবে বন্ধ এবং রামপাল প্রকল্প বন্ধের দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ২০১৪ ও ২০১৫ সালে তেল, কয়লাসহ বিষাক্ত পণ্যবাহী তিনটি জাহাজ পশুর ও শ্যালা নদীতে ডুবেছিল। এর পরিণতিতে দীর্ঘ মেয়াদে সুন্দরবনের বিপর্যয় সম্পর্কে হুঁশিয়ারি দেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা। এসব জাহাজডুবির পর প্রতিটি ক্ষেত্রে সরকারের ভূমিকা ছিল ন্যক্কারজনক। বিষাক্ত পণ্যবাহী নৌপরিবহন ঝুঁকি থেকে সুন্দরবন রক্ষার অঙ্গীকার ও আইন থাকা সত্ত্বেও সরকার এই বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। এবারের ডুবে যাওয়া কয়লাবাহী জাহাজে কয়লার পরিমাণ ছিল আগের তুলনায় দ্বিগুণ।
বিবৃতিতে বলা হয়, সরকার একদিকে এই নৌপথে বিষাক্ত পণ্যবাহী জাহাজ পরিবহন বন্ধ করছে না, অন্যদিকে দেশ-বিদেশের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও সুন্দরবন-বিনাশী রামপাল প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে। বিজ্ঞপ্তি