সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার কারণ ও এর প্রভাব সম্পর্কে করা সরকার এবং জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ ও বিজ্ঞানসম্মত নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। এ ধরনের দুর্বল প্রতিবেদনের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে সুন্দরবনের কোনো ক্ষতি হয়নি—এমন মন্তব্যে সংগঠন দুটি ক্ষোভ জানিয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করা হয়। ‘সুন্দরবনে তেল বিপর্যয়-সংক্রান্ত জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের সমীক্ষা প্রতিবেদন বিষয়ে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাপার মতামত’ শীর্ষক সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব মো. আবদুল মতিন ও বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল।
এতে কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনার পর সুন্দরবনের ভবিষ্যৎ নিয়ে সারা বিশ্বই উদ্বিগ্ন। তাই যে অসম্পূর্ণ গবেষণা তারা করেছে, সেটি প্রত্যাশিত ছিল না। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধসহ সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে একটি গ্রহণযোগ্য ও কার্যকর গবেষণা করতে হবে।’
আবদুল মতিন বলেন, দুর্ঘটনার পর খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্ব-উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিটি প্রতিবেদনেই দেখা গেছে, তেল বিপর্যয়ের ঘটনায় সুন্দরবনের স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। এতে গাছ ও প্রাণিকুল হ্রাস পাওয়াসহ এর অস্তিত্বই সংকটে পড়বে। অথচ জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘তেমন কোনো ক্ষতি হয়নি’, যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যৌথ দল সুন্দরবনে কাজ শুরু করে দুর্ঘটনার ১৪ দিন পর এবং তারা মূলত ওই মুহূর্তে দৃশ্যমান আলামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে।
শরীফ জামিল বলেন, জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের প্রতিবেদনটি ‘কোনো বিজ্ঞানভিত্তিক গবেষণালব্ধ প্রতিবেদন নয়’ এবং একে ‘অল্প সময়ে দৃশ্যমান বিষয়ের আলোকে প্রণীত’ প্রতিবেদন হিসেবে বারবার উল্লেখ করায় এই দুর্বল প্রতিবেদনের ভিত্তিতে ‘সুন্দরবনের তেমন ক্ষতি হয়নি’ বলা অনাকাঙ্ক্ষিত।