সুন্দরবন নিয়ে নতুন সমীক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সুলতানা কামাল। ছবি: ফোকাস বাংলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সুলতানা কামাল। ছবি: ফোকাস বাংলা

সুন্দরবনে প্রকল্পসহ যে কোনো অবকাঠামো বিবেচনার জন্য ইউনেসকোর তত্ত্বাবধানে ওই এলাকার ওপর একটি নিরপেক্ষ আন্তর্জাতিক ও সত্যিকার বিজ্ঞানভিত্তিক পরিবেশ সমীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ইউনেসকো বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের সাম্প্রতিক সুন্দরবন পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয়াদি' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ইউনেসকো প্রতিনিধি দলের সফরসূচিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং বাপার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত থাকলেও সরকার পরিকল্পিতভাবে সেগুলো হতে দেয়নি।
প্রসঙ্গত, ইউনেসকোর উপদেষ্টা ফেনি এ্যাডলফিন ডবারের নেতৃত্বে তিন সদস্যের একটি দল গত ২২ থেকে ২৮ মার্চ বাংলাদেশে আসেন। ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত তাঁরা সুন্দরবন সফর করেন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন কারণে সুন্দরবনের ওপর কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখে ইউনেসকোর প্রতিনিধি দলটি। তাঁরা প্রথম বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তাঁরা সুন্দরবনে তেলবাহী জাহাজ ও কয়লাবাহী জাহাজডুবির ঘটনাস্থলসহ সুন্দরবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেন প্রতিনিধি দলটি।

সুলতানা কামাল বলেন, মিশনের সঙ্গে সামাজিক আন্দোলনের প্রতিনিধিদের যাতে অর্থবহ আলোচনা না হতে পারে সে জন্য পরিকল্পিতভাবে অবহেলা করা হয়েছে। সামাজিক আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে না দিয়ে সরকারের রাজনৈতিক সমর্থক ও প্রকল্পের নানাবিধ কাজের সম্ভাব্য বা বর্তমান সুবিধাভোগীদের মিশনের সঙ্গে যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি মনে করছে, শুধুমাত্র সরকারি বক্তব্য ও ব্যাখ্যা পেয়েই ইউনেসকো মিশন তাদের সফর শেষ করে গেছে। ফলে মিশনের সম্ভাব্য প্রতিবেদন অসম্পূর্ণ ও একপেশে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সংবাদ সম্মেলনে সুন্দরবন সংরক্ষণ ও বনের প্রতি ক্ষতিকর সব ধরনের অবকাঠামো বিষয়ে উপস্থাপিত বিজ্ঞানভিত্তিক তথ্যাবলি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মিশন সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম, এম এম আকাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব মো. আবদুল মতিন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।