সুন্দরবন নিয়ে সিদ্ধান্ত আগামী বছর

নরওয়ে ও অস্ট্রেলিয়া চলতি বছরই সিদ্ধান্ত চেয়েছিল। চীন, রাশিয়া, সৌদি আরব, মিসরসহ ১৯ রাষ্ট্র পরের বছর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন, বাংলাদেশের জীববৈচিত্রের সবচেয়ে বড় আধারই শুধু না, আমাদের প্রাকৃতিক রক্ষাকবচও
ফাইল ছবি

রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ আশপাশে গড়ে ওঠা শিল্পকারখানা সুন্দরবনের ওপর কী প্রভাব ফেলছে, তা নিরূপণে সরকার যে কৌশলগত পরিবেশ সমীক্ষা (এসইএ) করছে, তা আগামী আগস্টের মধ্যে শেষ করতে হবে। সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান রক্ষায় জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেসকোর দেওয়া ১৪টি শর্ত বাংলাদেশ কতটুকু পালন করল, সে প্রতিবেদন জমা দিতে হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে। সবকিছু পর্যালোচনা করা হবে আগামী বছর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৫তম সভায়। সেখানে সুন্দরবনকে ‘বিপন্ন বিশ্ব ঐতিহ্য’ ঘোষণা করা হবে কি হবে না, সে সিদ্ধান্ত হবে।

চীনের ফুঝোও শহরে চলমান বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত হয়েছে। গত ১৬ জুলাই শুরু হওয়া ওই সম্মেলন চলবে ৩১ জুলাই পর্যন্ত। গতকালের সভায় বিশ্ব ঐতিহ্য কমিটির ২১টি সদস্যদেশের প্রতিনিধিরা বাংলাদেশের সুন্দরবনের ওপরে তৈরি করা খসড়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন। সদস্যদেশগুলোর মধ্যে মিসরের প্রতিনিধি শুরুতেই সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করার ব্যাপারে এ বছর সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন। তিনি এ সময় মন্তব্য করেন, বাংলাদেশ অল্প আয়তনে বিপুল জনসংখ্যা নিয়েও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাঁর বক্তব্যের পর একে একে চীন, রাশিয়া, ইথিওপিয়া, সৌদি আরব, ওমান, তাজিকিস্তানসহ ১৮টি রাষ্ট্র এ বছর সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেয়।

এরপর নরওয়ের প্রতিনিধি রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং চারপাশের ভারী শিল্পকারখানার কারণে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন। এসব বড় শিল্পকারখানার কাজ বন্ধ রাখার পক্ষে মত দেন তিনি। অস্ট্রেলিয়ার প্রতিনিধি তাঁর মন্তব্যের সঙ্গে একমত হয়ে বক্তব্য দেন। বিশ্ব ঐতিহ্য কমিটির অড্রে এজোলে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় ইউনেসকোকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দেন।

পরে সভার সভাপতি টিয়াম ঝিওজামের আহ্বানে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের প্রতিনিধি মো. কাজী ইমতিয়াজ হোসেন। সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি চীন, রাশিয়া, সৌদি আরবসহ যেসব রাষ্ট্র বাংলাদেশের অনুরোধের পক্ষে বক্তব্য দিয়েছে, তাদের ধন্যবাদ দেন।

এরপর সভার চূড়ান্ত সিদ্ধান্ত পড়ে শোনান সভার সভাপতি টিয়াম ঝিওজাম। তিনি বাংলাদেশকে বিশ্ব ঐতিহ্য কমিটির অপারেশনাল গাইডলাইন অনুসরণ করে পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ), বিশ্ব ঐতিহ্যের ওপরে শিল্পকারখানার প্রভাব এবং এসইএ আগস্টের মধ্যে শেষ করে জমা দিতে বলেন। একই সঙ্গে উন্নয়নকাজগুলো সুন্দরবনের পাশে বা কাছে না করে বিকল্প কোনো স্থানে করা যায় কি না, তা যাচাই করে দেখতে বাংলাদেশকে অনুরোধ করেন।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের শর্ত অনুযায়ী সুন্দরবনের মতো সংবেদনশীল স্থানে রামপালসহ বড় শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়া উচিত হয়নি। বিশ্ব ঐতিহ্য কমিটির রিঅ্যাকটিভ মনিটরিং মিশনের প্রতিবেদনের সুপারিশ মেনে সুন্দরবন রক্ষায় কার্যকর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।