সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেছেন, ‘একসময় দেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলা যেত না। তখন আমরা এই বিচারের বিষয়ে কথা বলেছি, আন্দোলন করেছি। এখনো তেমনি রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি এবং এই প্রকল্প বাতিলের বিষয়ে আমাদের কথা বলে যেতে হবে। এই প্রকল্প বাতিল করার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।’
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সুলতানা কামাল। ‘রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রবিষয়ক ১০টি বিভ্রান্তিমূলক অপপ্রচার ও এর বিজ্ঞানভিত্তিক জবাব’ শীর্ষক ওই সংবাদ সম্মেলন রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তাতে সুলতানা কামাল যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী আরশাদ মাহমুদের ১০টি প্রশ্ন এবং এর পরিপ্রেক্ষিতে সরকারের দেওয়া জবাব বিষয়ে জাতীয় কমিটির অবস্থান তুলে ধরেন। সুলতানা কামাল বলেন, যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ওই প্রকৌশলীর ১০ প্রশ্নের জবাবে রামপাল প্রকল্প কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে, তা অর্ধসত্য, ভুল, অপ্রাসঙ্গিক, বিভ্রান্তিমূলক। রামপাল প্রকল্পের জন্য যে পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন করা হয়েছে, ওই ব্যাখ্যা তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।
সুলতানা কামাল বলেন, ‘অনেক ক্ষেত্রে দ্বিমত থাকলেও আমরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থানকে সম্মান ও সমর্থন করি। কিন্তু সুন্দরবন নিয়ে আমাদের অবস্থান ভিন্ন। আমরা বৈজ্ঞানিক যুক্তি ও তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়েছি যে রামপালের কারণে সুন্দরবনের ক্ষতি হবে। তারপরই এই আন্দোলনে নেমেছি।’
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন বাংলাদেশের প্রতিটি নাগরিকের সম্পত্তি। ফলে তা রক্ষার জন্য আমরা জনগণের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, ‘এ সরকার ঢাকার চারপাশে নদীগুলো রক্ষা করতে পারছে না। ছোটখাটো শিল্পপ্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা সুন্দরবন কীভাবে রক্ষা করবে?’ তিনি আরও বলেন, ভারতের সাধারণ জনগণ ও বিশেষজ্ঞরাও রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি স্বীকার করে এর বিরুদ্ধে আন্দোলন করছেন। কিন্তু ভারতীয় কোম্পানি এ প্রকল্পের মাধ্যমে সুন্দরবন ধ্বংসের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাই এ প্রকল্প হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে শত্রুতা চিরস্থায়ী হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘রামপাল প্রকল্পে সুন্দরবনের ক্ষতি বিষয়ে আমরা বিভিন্ন সময়ে তথ্য-উপাত্ত তুলে ধরেছি। কিন্তু কই, আমাদের প্রশ্ন নিয়ে সরকারের তো কোনো আলোচনা দেখিনি। এক প্রবাসী প্রকৌশলী যে ১০টি প্রশ্ন তুললেন, সঙ্গে সঙ্গে রামপাল প্রকল্প কর্তৃপক্ষ থেকে ওই ১০ প্রশ্নের জবাব দিয়ে বলা হলো যে তারা ওই ১০ ধরনের প্রযুক্তি ব্যবহার করে প্রকল্প তৈরি করবে। আর সরকার থেকে সন্তুষ্টি প্রকাশ করা হলো। এই পুরো ঘটনাটি আমার কাছে সাজানো নাটক বলে মনে হয়েছে।’
সংবাদ সম্মেলনে ওই ১০টি প্রশ্ন বিষয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পক্ষে শরীফ জামিল।