সুন্দরবন প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ। রয়েল বেঙ্গল টাইগার এই বনের প্রাণ। সুন্দরবনকে বাঁচাতে হলে আগে বাঘ বাঁচাতে হবে। কিন্তু সুন্দরবনে বাঘের অস্তিত্ব অতিমাত্রায় বিপন্ন হয়ে পড়েছে। তাই সুন্দরবন তথা বাঘ বাঁচাতে সাময়িকভাবে হলেও সুন্দরবন থেকে সব ধরনের সম্পদ আহরণ বন্ধ রাখতে হবে।
বাগেরহাটের জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘বাঘ সংরক্ষণ বিষয়ক’ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. ইউনুস আলী। বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান বন সংরক্ষক মো. আকবর হোসেন, কোস্টগার্ড পশ্চিম জোনের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ ও বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা।
বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাঘ সংরক্ষণ প্রকল্পের ‘আওতায় খুলনা বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ ও সুন্দরবন পূর্ব বিভাগ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বাঘ সংরক্ষণ, সর্বশেষ বাঘ গণনা ও সুন্দরবনের সার্বিক অবস্থা নিয়ে তিনটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন যথাক্রমে খুলনা বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির আহমেদ ও খুলনা সার্কেলের বন সংরক্ষক সুনীল কুমার কুণ্ডু।
কর্মশালা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ বাঘ জরিপের ফলাফল অনুযায়ী সুন্দরবনে মাত্র ১০৬টি বাঘ রয়েছে। সুন্দরবনে এখন বনদস্যুরা বাঘ হত্যা ও পাচারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। বিষয়গুলো বন বিভাগের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।