সুন্দরবন বিধ্বংসী প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যাচার বন্ধ করে সুন্দরবন ধ্বংস করতে পারে এমন প্রকল্পগুলো বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ১৪ নভেম্বর সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, তথাকথিত উন্নয়নের নামে সুন্দরবন ধ্বংসের কোনো ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না। বিদ্যুৎ উৎপাদনের বিকল্প স্থান ও বিকল্প পদ্ধতি আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই। তাই সুন্দরবন রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সুন্দরবনের কাছে ভারতের সঙ্গে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পের চুক্তি করা হয়েছে, ওই চুক্তিতে ভারতই লাভবান হবে। সুন্দরবন ধ্বংস হবে।
কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার যুক্তির কাছে না পেরে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। সুন্দরবন রক্ষায় যাঁরা আন্দোলন করছেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তিনি বলেন, ‘দেশ-বিদেশের গুটিকয়েক স্বার্থান্বেষী ছাড়া অধিকাংশ জনগণ সুন্দরবন রক্ষার পক্ষে তাঁদের মতামত প্রকাশ করেছেন। শুধু আমরা নই, দেশের সচেতন বিশেষজ্ঞরা, জাতিসংঘ, রামসারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুন্দরবনের কাছে তাপবিদ্যুৎ প্রকল্প হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।’ তাই অবিলম্বে রামপাল, ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনের পাশের সব স্থাপনা বন্ধের জোর দাবি জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন রুহিন হোসেন ও সাইফুল হক।